রূপগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান, রোববার রাতে ডিবি (খ) বিভাগের একটি দল মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০০ গ্রাম।
ডিবি কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল দীর্ঘদিন ধরে মুড়াপাড়া ইউনিয়নসহ রূপগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ডিবির কর্মকর্তারা।