নবচেতনা জীবনযাপন ডেস্ক : কখনো কখনো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মন অস্থির হয়ে ওঠে। মাথার ভেতর ঘুরতে থাকে নানা চিন্তা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কিংবা অতীতের কোনো ঘটনা।
একই বিষয় বারবার ভাবতে গিয়ে মনোযোগ নষ্ট হয়, দৈনন্দিন কাজেও তৈরি হয় অনীহা। এমন পরিস্থিতিতে মনের ভেতর জমে থাকা ভাবনাগুলো কাগজে লিখে ফেলার অভ্যাস কিছুটা স্বস্তি দিতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডায়েরি লেখার অভ্যাস উদ্বেগ ও নেতিবাচক চিন্তার চাপ সামলাতে সহায়ক হতে পারে। নিজের ভাবনা ও অনুভূতি লিখে রাখলে সেগুলোকে নতুনভাবে বোঝার সুযোগ তৈরি হয়।
এ জন্য খুব সুন্দর করে লেখা কিংবা দীর্ঘ সময় ধরে ডায়েরি লেখার প্রয়োজন নেই।
কেন উপকারী ডায়েরি লেখা
কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকলে অনেক সময় একই ভাবনা বারবার মাথায় ঘুরতে থাকে। কী ঘটতে পারে, কোনো কিছু ভুল হলে কী হবে কিংবা কোনো সিদ্ধান্ত ঠিক হয়েছে কি না—এমন নানা প্রশ্ন মনের অস্থিরতা বাড়িয়ে দেয়।
এ অবস্থায় নিজের ভাবনাগুলো কাগজে লিখলে সেগুলোকে গুছিয়ে দেখার সুযোগ পাওয়া যায়।
কী নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, কোন বিষয়টি বেশি ভাবাচ্ছে এবং কোন অনুভূতি থেকে অস্থিরতা তৈরি হচ্ছে, তা বুঝতে সুবিধা হয়।
হাতে লিখতে গেলে ভাবনা সাজানো, স্মৃতি থেকে তথ্য মনে করা এবং অনুভূতিকে ভাষায় প্রকাশ করার মতো মানসিক প্রক্রিয়ায় যুক্ত হতে হয়। এতে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতনতা বাড়তে পারে।
অনেক সময় মনের মধ্যে কোনো সমস্যা যত বড় মনে হয়, লিখে দেখার পর সেটি ভিন্নভাবে উপলব্ধি করা সম্ভব হয়। একই সঙ্গে কোন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বা কোন বিষয়গুলো বারবার নেতিবাচক চিন্তার জন্ম দেয়, তা শনাক্ত করাও সহজ হতে পারে।
শিশুদের জন্যও উপকারী হতে পারে
শুধু বড়দের নয়, শিশু-কিশোরদেরও আবেগ ও অনুভূতি বুঝতে ডায়েরি লেখা সাহায্য করতে পারে। পড়াশোনা, বন্ধুত্ব, পারিবারিক বিষয় কিংবা সামাজিক চাপ নিয়ে তাদের মনে নানা ধরনের চিন্তা তৈরি হয়। কিন্তু অনেক সময় তারা সেসব অনুভূতি প্রকাশ করতে পারে না।
ছোট শিশুদের ক্ষেত্রে ছবি আঁকা কিংবা কয়েকটি শব্দ লিখে মনের অবস্থা প্রকাশের সুযোগ দেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিভাবকেরা তাদের অনুভূতিগুলো বাক্যে প্রকাশ করতে সাহায্য করতে পারেন। কিশোর-কিশোরীদের জন্য ব্যক্তিগত ডায়েরি হতে পারে নিজের ভাবনা প্রকাশের একটি নিরাপদ জায়গা।
কী লিখবেন বুঝতে না পারলে
ডায়েরি লেখার অভ্যাস শুরু করতে বিশেষ কোনো নিয়মের প্রয়োজন নেই। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের মনের কথা লিখতে পারেন। কী লিখবেন বুঝতে না পারলে কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করা যায়।
এই মুহূর্তে কোন বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে?
এমন কিছু কি আছে, যা কাউকে বলতে চাই কিন্তু বলা হয়নি?
কোন বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে, আর কোনগুলো নেই?
আমার কোনো বন্ধু এমন পরিস্থিতিতে পড়লে তাকে কী পরামর্শ দিতাম?
আজকের দিনে ভালো কী ঘটেছে?
এই মুহূর্তে আমার কী প্রয়োজন?
এসব প্রশ্নের উত্তর লিখতে গিয়ে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হতে পারে।
নিজের জন্য রাখুন কিছুটা সময়
ডায়েরি লেখা উদ্বেগ দূর করার কোনো জাদুকরি উপায় নয়। কাগজে মনের কথা লিখলেই সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, এমনটিও নয়। তবে এটি চিন্তা থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে, আবেগ বুঝতে এবং মানসিক অস্থিরতার কারণ খুঁজে পেতে সহায়তা করতে পারে।
ব্যস্ত জীবনে কাজ, পড়াশোনা, পরিবার ও নানা দায়িত্বের কারণে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। অথচ প্রতিদিন কিছুটা সময় নিজের ভাবনা নিয়ে নিরিবিলি বসাও গুরুত্বপূর্ণ।
তাই কিছু সময়ের জন্য ফোন বা কম্পিউটার থেকে দূরে সরে একটি খাতা ও কলম হাতে নিতে পারেন। সুন্দর ভাষা, নিখুঁত বানান কিংবা গোছানো বাক্যের প্রয়োজন নেই। যা মনে আসে, নিজের মতো করে লিখে ফেলুন। কখনো কখনো মনের ভেতরের কোলাহল কমানোর শুরুটা হতে পারে কাগজে কয়েকটি কথা লিখে ফেলার মধ্য দিয়েই।
নবচেতনা/এআর

