পিযুষ কুমার বিশ্বাস
‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিনিদর্শন নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কাজী নজরুল ইসলামের ঢাকা সফর’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে নজরুলের স্মৃতিনিদর্শন নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান ও সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সুজিত মোস্তফা ও আফসানা রুনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসী।
সেমিনার ও আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঢাকা সফর, তাঁর জীবন ও সাহিত্য-সংগীতে ঢাকার ভূমিকা এবং তাঁর স্মৃতি সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁদের জ্ঞানগর্ভ আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
