ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৬৫ জনকে আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) ?দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে সুধারাম মডেল থানা ৫ জন, কোম্পানীগঞ্জ থানা ১০ জন, কবিরহাট থানা ১০ জন, বেগমগঞ্জ মডেল থানা ২০ জন, সেনবাগ থানা ২ জন, চরজব্বর থানা ৮ জন, সোনাইমুড়ী থানা ৫ জন, চাটখিল থানা ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার এবং অবশিষ্ট ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য সবাইকে এক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।
