সৌদি-হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার (১২ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলে এ প্রস্তাব দেন।

ইরানের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আব্বাস আরাগচি নিজেও।

পোস্টে আরাগচি জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর টেলিফোনে আলোচনা হয়েছে। রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করে সামরিক পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করে তেহরান।

তিনি আরও বলেন, উভয় পক্ষ রাজনৈতিক আলোচনার মাধ্যমে নিজেদের মতপার্থক্য নিরসনে সম্মত হলে সংলাপ শুরুর ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইরান।

এদিকে সৌদি আরবের সংবাদমাধ্যমগুলোও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের খবর প্রকাশ করেছে। তবে আরাগচি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন—এমন তথ্য সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রভাব বিস্তার ও ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে টানাপোড়েন রয়েছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়।

অন্যদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। হুথিরা ইরানের সমর্থনপুষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনের সংঘাত এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সৌদি আরব ও ইরানের সম্পর্কও বিভিন্ন সময়ে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।