ePaper

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন ঃ কৃষকের স্বপ্ন পূরণ

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে কাউন চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই এ কাউন কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি। জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১২৫ হেক্টর জমিতে কাউন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি এ লাভজনক কাউন চাষাবাদ করেছেন এবং উৎপাদন হয়েছে ১১৫ মেট্রিক টন দেশীয় জাতের কাউন। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি কাউন চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে কাজিপুর উপজেলার নাটোয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর, খাসরাজবাড়ি, চরগিরিশ ও শুভগাছা ইউনিয়নের চরাঞ্চলে অধিকাংশ কৃষক প্রতিবছরই এ লাভজনক ফসলের চাষাবাদ করে থাকেন।

স্থানীয় কৃষকেরা বলেন, প্রতিবছর মার্চ মাসের মাঝামাঝি সময়ে জমিতে কাউনের বীজ বপন করা হয়। এ চাষাবাদে সারসহ বিভিন্ন খরচও কম হয়ে থাকে। চরাঞ্চল ও দোঁআশ মাটিতে এ ফসলের উৎপাদন বেশি হয়। এজন্য চরাঞ্চলের কৃষকেরা এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন। তবে নদীভাঙনের কারণে অনেক কৃষক ক্ষতির শিকার হন। চরাঞ্চলসহ জেলার বিভিন্ন স্থানে এ লাভজনক চাষাবাদে এবার বাম্পার ফলন হয়েছে। গত মাসের মাঝামাঝি থেকে কাউন কাটা ও মাড়াই শুরু হয়েছে এবং সব কাউন কাটা ও মাড়াই শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।

স্থানীয় হাট-বাজারে নতুন কাউন উঠছে এবং প্রতি মণ কাউন ২ হাজার টাকা থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। কাউনের চালের পায়েস, জাউ, মোয়া, খাজাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি হয়ে থাকে। এজন্য হাটবাজারে কাউনের চালের চাহিদা বেশি। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ চাষাবাদে বেশি আগ্রহী হয়ে উঠছেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ বলেন, কম খরচে এ লাভজনক চাষাবাদে এবার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে প্রতিবছর কৃষকেরা এ চাষাবাদ করে থাকেন। ইতোমধ্যেই প্রায় ৭০ শতাংশ কাউন কাটা ও মাড়াই শেষ হয়েছে। বর্তমানে বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *