ePaper

সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতি নির্বাচিত আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :

“সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ১১টায় মেলান্দহ বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত এ বিশেষ সাধারণ সভার আয়োজন করে মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ), মেলান্দহ, জামালপুর।

সভায় সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও নির্বাচন কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার-কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসেবে মোঃ আনার উদ্দিন নির্বাচিত হন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন, আব্দুল হক, আব্দুল হালিম, জামাল উদ্দিন ও আব্দুল মান্নান। এ নিয়ে মোট ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার সমবায়ের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের সফল নেতৃত্ব কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া, নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া, পৌর যুবদলের আহব্বায়ক মোবারক হোসেন সহ সমিতির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *