ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফুলগাজী উপজেলা এলাকায় নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে এলপিজি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রোববার (৫ এপ্রিল) উপজেলার আনন্দপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স গ্রীন এলপিজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন সেন্টার-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নশীন প্রত্যাশা। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এলপিজি বিধিমালা-২০০৪-এর ৩ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধ উপায়ে গ্যাস বিপণন করছিল, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ অপরাধে বিস্ফোরক আইন-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নশীন প্রত্যাশা জানান, বিধিবহির্ভূতভাবে গ্যাস বিক্রি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
