মেজর এম এ জলিলকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার দাবি


আশরাফ আলী হাওলাদার : মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মেজর (অব.) এম এ জলিলকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি।
মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, শেরেবাংলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক ও নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।
আলোচনা সভায় এম এ জলিল বলেন, বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ৯ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর (অব.) এম এ জলিল। তাঁর নেতৃত্ব ও অবদানে দেশ স্বাধীন হয়।
তিনি বলেন, স্বাধীনতার পর একটি জনকল্যাণমুখী, গণতান্ত্রিক, দারিদ্র্যমুক্ত ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ায় দেশে লুটপাটের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে মেজর জলিল মনে করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বিভিন্ন জনসভায় দেশের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
এম এ জলিল বলেন, এ প্রেক্ষাপটে ১৯৭২ সালের ৩১ অক্টোবর মেজর (অব.) এম এ জলিল জাসদ প্রতিষ্ঠা করেন। দলটির রাজনৈতিক লক্ষ্য ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। পরবর্তী সময়ে রাজনৈতিক নানা ঘটনা, দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। জাসদও বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে মেজর এম এ জলিলের বিশেষ অবদানের যথাযথ স্বীকৃতি দিতে সরকারের প্রতি তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করার জোর দাবি জানাচ্ছি। এর মাধ্যমে এই জাতীয় বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি। জাতীয় ঐক্যের মাধ্যমেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, ঘুষ, মাদক ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত, গণতান্ত্রিক এবং আইনের শাসনভিত্তিক দেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের আদর্শ, মজলুম জননেতা মওলানা ভাসানীর গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্প্রীতির রাজনীতি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাজনীতি এবং মেজর এম এ জলিলের দেশপ্রেম ও সাহসী রাজনৈতিক আদর্শ ধারণ করতে হবে।
মাহবুবুল আলম দুলাল বলেন, দেশের জনগণের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।