কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গণধোলাইয়ে নিপু হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক অপর যুবক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত আদিল সোহান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এ সময় স্থানীয় লোকজন দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে গণধোলাই দেয়। পরে টহল পুলিশের সহযোগিতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গণধোলাইয়ে গুরুতর আহত নিপু হাওলাদারকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে কলাপাড়ায় তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। লোকাল বাস চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, রাতে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


