ePaper

রায়পুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের পলেস্তারা ধসে আহত ৫ ছাত্রী

আবু মুসা মোহন

লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়–এ ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা ও ভিমের অংশ ধসে পড়ে ষষ্ঠ শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে— নাদিয়া, ঋতু বন্নিক ও সামিয়া। বাকি দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে পাঠদান চলছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথা ও শরীরে আঘাত পায়। বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, “ক্লাস চলাকালে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ছাদের ভিমের অংশ ধসে পড়ে। এতে ৫ জন ছাত্রী আহত হয়েছে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ ভবনে ক্লাস নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *