ePaper

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে জনজীবন বিপর্যস্ত: সড়ক ক্ষতিগ্রস্ত, পরিবেশ হুমকির মুখে

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের দক্ষিণ অঞ্চলে নদীর তীরবর্তী অবৈধ বালু উত্তোলন ও বালুবাহী ভারী ট্রাকের অবাধ চলাচলে জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে। সরকারি অনুমোদন ও নিয়মকানুনের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও পরিবহন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না-এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিদিন অসংখ্য বালুবাহী ভারী ট্রাক চলাচল করছে। এতে ভেঙে পড়ছে সড়ক ও কালভার্ট, সৃষ্টি হচ্ছে ধুলাবালির তীব্র দূষণ। ধুলার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে অতিরিক্ত ভারবাহী যান চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানান এলাকাবাসী। সংশ্লিষ্টরা বলছেন, সরকার প্রতিবছর সড়ক নির্মাণ ও সংস্কারে বিপুল অর্থ বরাদ্দ দিলেও ভারী বালুবাহী ট্রাকের কারণে এসব সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এসব যানবাহন থেকে কার্যকরভাবে রাজস্ব আদায় বা ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে না। ফলে একদিকে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে জনগণের করের টাকায় বারবার একই সড়ক সংস্কার করতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, উত্তোলিত বালুর বেশিরভাগই কোম্পানীগঞ্জে ব্যবহার না হয়ে দূরবর্তী স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে অন্যত্র উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলেও এর বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে স্থানীয়দের। পরিবেশগত দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও খাল ভরাট, নদীর গতিপথ পরিবর্তন, মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস, পানির স্তর হ্রাস এবং বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে পরিবেশ সংশ্লিষ্টদের আশঙ্কা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইন সবার জন্য সমান হলে বালু ব্যবসাও আইনের বাইরে থাকতে পারে না। তারা অবিলম্বে কঠোর নজরদারি, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *