সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী–৩ আসনের ধানের শীর্ষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের পথ সুসংহত হবে।রবিবার বিকালে দাগনভূঁইয়ার আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে—এটাই আমাদের অঙ্গীকার। নির্বাচন হলো জনগণের শক্তি প্রকাশের সুযোগ। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত থাকতে হবে।”কেউ যেন অপ- কৌশল করে নির্বাচনের ফলাফল বদলাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ জনি, শাহন আক্তার শানু, ফেনী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ।
