নবচেতনা বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মানুষের চোখের নড়াচড়া, হৃদ্স্পন্দন ও শরীরের বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে মানসিক অবস্থা বোঝার প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন জাপানের বিজ্ঞানীরা। এ কাজে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গবেষকদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হতে পারে।
টোকিওর কাছের চিবা শহরে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউটস ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কিউএসটি) চলছে এই গবেষণা। প্রকল্পটির নাম ‘মায়েমুকি’। জাপানি এই শব্দ দিয়ে কঠিন পরিস্থিতিতেও সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে বোঝানো হয়।
গবেষকেরা এমআরআই যন্ত্রের সাহায্যে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের আনন্দদায়ক ও দুঃখজনক বিভিন্ন ছবি দেখানো হয়। এরপর এআইয়ের সাহায্যে মস্তিষ্কের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়। গবেষণায় নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করার প্রবণতাও মূল্যায়ন করা হচ্ছে, যা কম থাকার সঙ্গে বিষণ্নতার ঝুঁকির পরিসংখ্যানগত সম্পর্ক রয়েছে। পাশাপাশি ‘বডি২পজিটিভ’ নামে একটি পরীক্ষামূলক এআই ব্যবস্থা তৈরি করছে দলটি।
একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ট্রেডমিলে হাঁটিয়ে কৃত্রিম বনাঞ্চলের অভিজ্ঞতা দেয়া হয়। এ সময় শরীরের নড়াচড়া, চোখের গতিবিধি, মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত ও হৃদ্স্পন্দন পর্যবেক্ষণ করা হয়। ইতিবাচক মানসিক অবস্থার ইঙ্গিত পেলে পাখির মধুর ডাক এবং অবনতির ইঙ্গিত পেলে কাকের কর্কশ ডাক শোনায় প্রযুক্তিটি। হাঁটার গতি, শ্বাস-প্রশ্বাস, অঙ্গভঙ্গি ও মনোযোগের পরিবর্তনের প্রভাবও খতিয়ে দেখা হচ্ছে।
তবে গবেষক দলের প্রধান মাকিকো ইয়ামাদা জানিয়েছেন, সবার ক্ষেত্রে একই পদ্ধতি কার্যকর হয় না। লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলোওয়ের মনোবিজ্ঞান বিভাগের সোনিয়া ডুরান্টও নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানিয়েছেন, এআইকে প্রশিক্ষণ দিতে এখনো মানুষের নিজস্ব তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। এ ছাড়া ফলাফল স্বাধীন বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়ে যায়নি এবং এটি সরাসরি চিন্তা পড়তে বা রোগ নির্ণয় করতে পারে না।
নবচেতনা/এআর

