নবচেতনা শিক্ষাঙ্গন ডেস্ক : জেলা প্রশাসকের উদ্যোগে জেলার কচুয়া উপজেলা সদরের কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে ৪০ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের একটি শ্রেণি কক্ষ নির্মাণ করা হয়েছে। এই শ্রেণি কক্ষের নাম দেওয়া হয়েছে ‘প্রকৃতির পাঠশালা’।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল এই প্রকৃতির পাঠশালার তত্ত্বাবধায়ক। আলাপকালে তিনি জানান, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এক বছর আগে ‘প্রকৃতির পাঠশালা’ তৈরির উদ্যোগ নেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটি নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হয় সেপ্টেম্বর মাসে। এই শ্রেণি কক্ষটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি জানান, প্রকৃতির পাঠশালায় শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে পারবে। এ শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা মেঝেতে শীতল পাটি বিছিয়ে বসে পাঠ গ্রহণ করবে। শিশু শিক্ষার্থীরা যাতে প্রাকৃতিক পরিবেশে পাঠ গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যেই এই শ্রেণি কক্ষ নির্মাণ করা হয়েছে। এখানে ৩০ থেকে ৩৫জন শিক্ষার্থী একসাথে বসতে পারবে। পাশাপাশি পুকুর, গাছ, মাঠ এবং মাটির গন্ধে প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবে।
পাঠশালার তত্ত্বাবধায়ক আব্দুল আউয়াল বলেন, শিশু শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি এনে আনন্দ দান ও শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যেই চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এক বছর আগে বাঁশ ও ছন দিয়ে ‘প্রকৃতির পাঠশালা’ তৈরির উদ্যোগ গ্রহণ করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার (২৭ নভেম্বর) ‘প্রকৃতির পাঠশালা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
চাঁদপুরের সমাজকর্মী শরীফুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতির পাঠশালা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যতিক্রমী উদ্যোগ নয়, এটি শিশুদের প্রকৃতির সাথে পরিচিত করে তোলা এবং মানবিক, নৈতিক ও পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলার একটি অনন্য প্রয়াস। বইয়ের পাতায় প্রকৃতি সম্পর্কে জানার পাশাপাশি শিশুরা যখন প্রকৃতির মাঝে থেকে গাছপালা, পাখি, মাটি, পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে সরাসরি শিখবে, তখন তাদের জ্ঞান হবে আরও বাস্তবভিত্তিক ও জীবনঘনিষ্ঠ।’
তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে প্রকৃতি প্রেম, সৃজনশীলতা, মানবিকতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। আমরা দেখতে চাই, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি প্রকৃতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার এমন পরিবেশ গড়ে উঠুক।’
প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘আমরা চাই, আমাদের শিশুরা প্রকৃতি সম্পর্কে জানুক, প্রকৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করুক। এখানে যখন তারা ক্লাস করবে, চারপাশের বৃক্ষরাজি সম্পর্কে জানবে। এখানকার গাছপালা ও প্রাণিজগৎ সম্পর্কে জানতে পারবে। এতে প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে।’
তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশে বড় হলে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করলে তারা গান যেমন শিখবে, ধর্ম শিক্ষাও গ্রহণ করবে। এতে তারা মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে উঠবে।
জেলা প্রশাসক জানান, মন্ত্রী মহোদয় বলেছেন, এই কার্যক্রম সফল হলে, সারাদেশে এ ধরনের পাঠকক্ষ তৈরির উদ্যোগ নেয়া হবে।
নবচেতনা/এআর



