এবার শাকিরা আসছেন ঢাকায়


নবচেতনা বিনোদন ডেস্ক : রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের উন্মাদনা কাটতে না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের আভাস দিলেন আয়োজকরা। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে ই-মেকার্স বাংলাদেশ।

আয়োজকের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। ২৭ নভেম্বর রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান এর কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন এই শিল্পী। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো ব্যাপক পরিচিতি এনে দেয়।

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে।

তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান।

এদিকে বাংলাদেশে আসার বিষয়ে শাকিরার পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।
নবচেতনা/এআর