শিবচরে উন্মুক্ত অবস্থায় বেপরোয়া গতিতে বালু পরিবহন, ৩ বালুর ট্রাক জব্দ


নবচেতনা প্রতিবেদক : মাদারীপুরের শিবচরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে উন্মুক্ত অবস্থায় ও বেপরোয়া গতিতে বালু পরিবহনের দায়ে শনিবার সকালে বালু বোঝাই ৩টি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাক চালকসহ সংশ্লিষ্ট ৫ জনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে কোনো ধরনের ত্রিপল বা আচ্ছাদন ছাড়াই উন্মুক্ত অবস্থায় বালু পরিবহন করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী ও চালক। এতে বাতাসে বালু উড়ে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল।

এমন অভিযোগের ভিত্তিতে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে শনিবার সকালে উপজেলার আড়িয়াল খা নদ সংলগ্ন নয়াবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে আইন অমান্য করে উন্মুক্তভাবে এবং বেপরোয়া গতিতে বালু পরিবহনের দায়ে ৩টি ট্রাক জব্দ করা হয়। এসময় ট্রাক চালকসহ সংশ্লিষ্ট ৫ জনকে আটক করে সড়ক পরিবহন আইন ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন বলেন, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নবচেতনা/এআর