মাগুরা প্রতিনিধি: মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নবাব আলী (৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রুহুল আমিন নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নবাব আলী মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর গ্রামের আলেক বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। আগে থেকেই তাঁর ডান পা কাটা ছিল। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও রিকশায় করে ভিক্ষা করতে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিকশাচালক রুহুল আমিন নিজ এলাকা থেকে নবাব আলীকে নিয়ে মাগুরা শহরের উদ্দেশে রওনা হন। পথে পৌরসভার শিমুলিয়ার ঢাল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং রিকশাচালক রুহুল আমিন ও যাত্রী নবাব আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিক্সা আরোহী নবাব আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিকশাচালক রুহুল আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাড়ি সদর উপজেলার ধনপাড়া গ্রামে। মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে।
মাগুরায় বাসের ধাক্কায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ১
