গজারিয়া সরকারি কলেজে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ-উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি কলেজে অগ্নিকাণ্ড মোকাবিলা, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।গজারিয়া ফায়ার স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়ার নেতৃত্বে পরিচালিত এ প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের ৬ জন সদস্য অংশ নেন। এতে কলেজের ১২০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও নিরাপদে মোকাবিলা করতে হবে, সে বিষয়েও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। এ সময় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বর প্রচার করা হয়। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।