এবার থেকে আইফোনের সব অ্যাপে ব্যবহার করা যাবে সিরি

নবচেতনা বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও উন্নত ও কার্যকর করতে বড় ধরনের পরিবর্তন আনছে অ্যাপল। নতুন উদ্যোগের অংশ হিসেবে এখন থেকে আইফোনের সব অ্যাপের সঙ্গে সিরিকে যুক্ত করার সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা শুধু মুখের কথার মাধ্যমে বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের কাজও নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সিরির কার্যকারিতা ও বুদ্ধিমত্তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে অ্যাপল। বিশেষ করে গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ালেও সিরিকে সেই তুলনায় পিছিয়ে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

এই পরিস্থিতি মোকাবিলায় গত গ্রীষ্মে সিরির সম্পূর্ণ নতুন এআই সংস্করণ আনার ঘোষণা দেয় অ্যাপল। সেপ্টেম্বরে আইওএস ২৭-এর সঙ্গে প্রকাশিত এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও প্রাসঙ্গিক পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় তথ্য এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে সিরি।

তবে শুরুতে এসব সুবিধার বেশির ভাগই অ্যাপলের নিজস্ব অ্যাপের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্যও সেই সুযোগ উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি।

নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের রাইড বুকিং অ্যাপের মাধ্যমে বুক করা ট্যাক্সির গন্তব্য শুধু সিরিকে নির্দেশ দিয়েই পরিবর্তন করতে পারবেন। একইভাবে কোনো অ্যাপে নির্দিষ্ট জুতার ছাড় চলছে কি না, তা জানতে পারবেন কিংবা একই ধরনের অন্য জুতার সঙ্গে সেগুলোর দাম ও সুবিধার তুলনাও করতে পারবেন।

নতুন ব্যবস্থাটি তৈরি করা হয়েছে ‘অ্যাপ ইনটেন্টস’ প্রযুক্তির ওপর ভিত্তি করে। ২০২২ সালে চালু হওয়া এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপগুলো খাবার অর্ডার দেওয়ার মতো নির্দিষ্ট কাজগুলো শনাক্ত করে অপারেটিং সিস্টেমের কাছে উপস্থাপন করতে পারে।

এর ফলে ব্যবহারকারীদের আলাদা করে প্রযুক্তিগত কোনো নির্দেশনা জানার প্রয়োজন হবে না। উদাহরণস্বরূপ, কোনো খাবারের অর্ডারের বর্তমান অবস্থা জানতে সরাসরি সিরিকে প্রশ্ন করলেই সংশ্লিষ্ট অ্যাপ থেকে তথ্য পাওয়া যাবে।

নতুন সুবিধাটি ইতোমধ্যে আইওএস ২৭ দশমিক ৩-এর প্রাথমিক সংস্করণের মাধ্যমে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীরা এটি পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। আগামী বসন্তে এই সুবিধা যুক্ত করা অ্যাপ জমা দেওয়ার সুযোগ পাবেন ডেভেলপাররা বলে জানিয়েছে অ্যাপল।

তবে নতুন ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় কেবল এআই-সমর্থিত ডিভাইসগুলোতেই কাজ করবে। পাশাপাশি যেসব ভাষায় অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন রয়েছে, শুধু সেসব ভাষাতেই সুবিধাটি ব্যবহার করা যাবে।

ইউরোপেও আপাতত ফিচারটি চালু হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অ্যাপলের চলমান বিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি সমাধানে ইইউর সঙ্গে গঠনমূলকভাবে কাজ করছে এবং ভবিষ্যতে চালুর পথ খুঁজছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নবচেতনা/এআর