কুষ্টিয়া প্রতিনিধি: সমবায়ই মুক্তি—করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-০৬-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায়ভিত্তিক কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা বলেন, সমবায় মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক আস্থার বন্ধন সুদৃঢ় করে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।এ সময় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সমবায় আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস উদযাপন
