সোনাগাজীতে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা-শিক্ষকদের নবীন বরণ


ফেনী প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোনাগাজীতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির নেতা জয়নাল আবেদীন বাবলু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। শিশুর জীবনের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাঁরা আরও বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানকারী নন, তিনি একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্মাতা। শিক্ষকদের আন্তরিকতা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং শিক্ষার্থীবান্ধব আচরণই পারে বিদ্যালয়ের শিক্ষার মানে ইতিবাচক পরিবর্তন আনতে।
নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি চাকরি নয়, এটি একটি মহান দায়িত্ব ও মানবিক পেশা। নতুন শিক্ষকদের আধুনিক শিক্ষাপদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝে পাঠদান করতে হবে। প্রতিটি শিশুর মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভা বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়
সোনাগাজীর প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আদর্শ প্রতিষ্ঠান—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।