সৌমিত্র সুমন, পায়রা বন্দর (পটুয়াখালী) : ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। জাহাজটির ড্রাফট (পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা) সাড়ে ১৩ মিটার।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে বন্দরের বহির্নোঙরে (গভীর সমুদ্রে) এসে পৌঁছায় জাহাজটি। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।
জাহাজে আনা এসব কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে। বুধবার থেকে কয়লা খালাসের কার্যক্রম শুরু হবে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি পণ্য খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে এনে অবশিষ্ট কয়লা খালাস করা হবে। তিনি আরও বলেন, এখন থেকে বন্দরে একের পর এক জাহাজ আসবে। এর মাধ্যমে পায়রা বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল
