রফিকুল ইসলাম,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে খিরা চাষ। অধিক ফলন পাওয়ার আশায় কৃষকেরা জমিতে উন্নত ফলনশীল জাতের বীজ বপন করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৩৭৫ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টর এবং রবি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতলা, রতনদিয়ার, বর্ধনগাছা ও আগকয়ড়া এবং উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা ও ভদ্রকোল এলাকার আবাদি মাঠে কৃষকেরা খিরা চাষ শুরু করেছেন।
সরেজমিনে রতনদিয়ার ও বর্ধনগাছা মাঠে দেখা যায়, কৃষক আব্দুস ছাত্তার ২ বিঘা, ঠান্ডু শেখ ২২ শতক, আমিরুল ইসলাম ১৬ শতক এবং হোসেন আলী ৪৮ শতক জমিতে খিরা চাষ করেছেন। একই মাঠে কৃষক আমির চাঁদ প্রায় ৬ বিঘা জমিতে খিরা চাষের জন্য বীজ বপন করেছেন। জমিতে আগাছা পরিষ্কার ও নিড়ানির কাজ করছেন তাঁরা।
নাগরৌহা মাঠে কৃষক আবদুল হামিদ ১৩ শতক এবং আলাউদ্দিন মিয়া ১৭ শতক জমিতে খিরা চাষ করেছেন। তাঁরা অধিক ফলন পাওয়ার আশায় উন্নত ফলনশীল জাতের বীজ কিনে জমিতে লাগিয়েছেন। বড় পাঙ্গাসী ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন মাঠেও খিরা চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় খরিপ-২ মৌসুমে খিরা চাষ হচ্ছে। কয়েক দিনের মধ্যে রবি মৌসুমে আরও বেশি জমিতে খিরা চাষ শুরু হবে। এ মৌসুমে গত বছরের মতো ভালো আবাদ হবে বলে তিনি আশা করছেন। অধিক ফলন পাওয়ার জন্য উন্নত ফলনশীল জাতের বীজ ব্যবহার এবং পরিমিত সার প্রয়োগের পরামর্শ দেন তিনি।
