দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চলবে ২০ থেকে ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর এ বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। এ জন্য ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন রুটে ২০০টি বাস প্রস্তুত রেখেছে সংস্থাটি।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে বিশেষ এ সেবা চালু করা হচ্ছে। আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকা ও সারা দেশের বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা থাকবে।

ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে এসব বাস চলাচল করবে। জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।

বিশেষ বাস সার্ভিসের আওতায় মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

এ সেবা সম্পর্কে তথ্য জানতে বা যেকোনো প্রয়োজনে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা। টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২ এবং মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯।