রাজবাড়ীতে চাঁদা দাবীর মামলা প্রত্যাহার না করায় ডায়াগণস্টিক সেন্টার মালিককে পিটিয়ে আহত

রাজবাড়ি প্রতিনিধি ঃ রাজবাড়ী সদর হাসপাতালের সামনে চাঁদা দাবীর মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক (৪৫) কে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে ও আল রাজী ডায়াগণস্টিক সেন্টারের মালিক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার  দুপুর দেড় টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজী ডায়াগণস্টিক সেন্টারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত সিদ্দিক বলেন, আল রাজী ডায়াগণস্টিক সেন্টারের ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ায় হুমকি সহ তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৩ মাস পুর্বে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলা প্রত্যাহার না করায় সোমবার দুপুরে পুড়া পলাশ, ক্ষুর মানিক, কুটি ও ডিজিটাল ক্লিনিকের মালিক সায়েক মো. জিয়া সহ তাদের লোকজন এসে আমাকে এলোপাথারী পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাওন দে সরকার বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্যা বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন