ePaper

হোয়াটমোর এখন বাংলাদেশের প্রতিপক্ষ, এশিয়ান গেমসে কবে-কখন ম্যাচ

স্পোর্টস ডেস্ক
আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল। এবার গ্রুপপর্ব শেষে নির্ধারিত হয়েছে তাদের প্রতিপক্ষও। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। যাদের প্রধান কোচ ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টাইগারদের পরিচালনা করা ডেভ হোয়াটমোর।
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়ার গ্রুপে রানার্সআপ হওয়া হংকং-চায়না, তাদের বিপক্ষে খেলবে পাকিস্তান। এ ছাড়া ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে নেপালের। সাবেক কোচ হোয়াটমোরের দল মালয়েশিয়ার বিপক্ষে আগামী মঙ্গলবার সকাল ১১টায় লড়বে বাংলাদেশ।
২০০৩ বিশ্বকাপে ভরাডুবির কিছুদিন পর দায়িত্ব নিয়ে বাংলাদেশকে জিততে শিখিয়েছেন হোয়াটমোর। ততদিনে বাংলাদেশ টানা ৪০ ম্যাচ হেরেছে। এককথায় লজ্জার রেকর্ড। হোয়াটমোরের মতো একজন হাইপারফরম্যান্স কোচ এ দেশে কতটা সুবিধা করবেন তা নিয়ে সরব হয়েছিল বিশ্ব গণমাধ্যম। আর ২০০৭ বিশ্বকাপের পরপরই যখন বাংলাদেশ ছাড়ছেন তখন মুশফিক-তামিম-সাকিবরা জিততে শিখে গেছেন।
তার অধীনেই বাংলাদেশ ২০০৪ সালে এসে টেস্ট স্ট্যাটাস পরবর্তী প্রথম জয়ের দেখা পায়। এর আগে টানা ৪৭টি ম্যাচ হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আশীর্বাদ হয়ে এসেছিল জিম্বাবুয়ে, হারারেতে তাদের বিপক্ষে জয়রথে ফেরা দলটি হোয়াটমোরের শেষ সময়ে এসে বিশ্বকাপে হারায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে।
তুমুল আলোড়ন তোলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আধা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কান এই কোচকে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু থাকেননি হোয়াটমোর। ভারতের কোচ হতে চেয়ে দায়িত্ব নিলেন দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির। এরপর পাকিস্তান-জিম্বাবুয়েকেও কোচিং করিয়েছেন হোয়াটমোর। দু’বার এসেছিলেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশালের দায়িত্ব নিয়ে। সর্বশেষ ২০২৪ আসরে ছিলেন ফরচুন বরিশালের টিম ডিরেক্টর।
এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ-মালয়েশিয়া খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসে এই দলটি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ও অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৫ ম্যাচের সবকটি হেরে গেছে। এ ছাড়া ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেও কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল বাংলাদেশ-মালয়েশিয়ার। সেবার মাত্র ২ রানে জিতে সেমিফাইনালে উঠেছিল সাইফ-ইমন-রিশাদরা।