ePaper

শ্যামপুর-কদমতলীর ৫ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষা এবং তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত এ কার্যক্রমে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি)সহ সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে বুড়িগঙ্গার তীরবর্তী শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবারের কার্যক্রমে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. মাহবুব জামিল, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এবং ঢাকা মহানগর কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স বাহার ডাইং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ এবং এরিস্টোফার্মা লিমিটেডসহ পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিদর্শনকালে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি)সহ সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্যের নমুনাও সংগ্রহ করা হয়। একই সঙ্গে সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম মাসব্যাপী চলবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।