ePaper

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন স্কুলে ফের চুরি, উত্তেজনায় ছাত্র-ছাত্রী সড়ক অবরোধ

মোঃ শাহজাহান মিয়া রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, শিক্ষা উপকরণ, বৈদ্যুতিক সরঞ্জাম ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এটি সাধারণ চুরি নয়; বরং পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত একটি সংঘবদ্ধ অপরাধ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও একই প্রতিষ্ঠানে অন্তত দুইবার একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই চোরচক্র বিদ্যালয়ের ফ্যান, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্রকে লক্ষ্যবস্তু করেছে। একই প্রতিষ্ঠানে বারবার একই কায়দায় চুরির ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর পেছনে সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার অভিযোগও জোরালো হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালা জাহাঙ্গীর ও আল আমিন নামে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তারা পুলিশের অভিযানের আগেই পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী নগরপাড়া বাজার এলাকায় নগরপাড়া-চনপাড়া সড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ বলেন,

এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক চুরির ঘটনা নয়। একই প্রতিষ্ঠানে বারবার একই ধরনের চুরি সংঘটিত হওয়ায় আমরা মনে করছি, এটি একটি পরিকল্পিত অপরাধ। এর সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,শুধু একজনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। এ ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এদিকে, একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু বখাটে ও মাদকাসক্ত যুবকের আনাগোনা বাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সালাউদ্দিন বলেন,

“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *