ফুলগাজী, ফেনী প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেছেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আগামীর বাংলাদেশ গঠনের পথে মাদক অন্যতম প্রধান বাধা। তাই মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফুলগাজী উপজেলা অডিটোরিয়ামে ফুলগাজী থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র?্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি মজনু বলেন, “মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।” মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনসহ পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার, সামাজিক প্রতিরোধ এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ—সবকিছুর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার ও সমাজের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান থেকে “মাদককে না বলুন—সুন্দর জীবনকে হ্যাঁ বলুন” এবং “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার হোক আমাদের সবার”—এই প্রত্যয়ে সবাইকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
