ePaper

মাগুরায় গ্রাম আদালতে ৬৮৪ মামলা নিষ্পত্তি, আদায় ৬৪ লাখ টাকা

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সহজে বিচারসেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভায় গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তি, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মাগুরা জেলায় গ্রাম আদালতের মাধ্যমে মোট ৬৯৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ২৩১টি এবং ফৌজদারি মামলা ৪৬৭টি। একই সময়ে মোট ৬৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ক্ষতিপূরণ হিসেবে মোট ৬৪ লাখ ৮৯ হাজার ২২৫ টাকা আদায় করা হয়েছে। সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ছোটখাটো বিরোধ ও অপরাধের বিষয় নিষ্পত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে স্বেচ্ছায় আঘাত, অপরাধমূলক অনধিকার প্রবেশ, চুরি, মারামারি, বেআইনি সমাবেশসহ বিভিন্ন বিষয় রয়েছে। সভায় বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক ইলিয়াস মিথুন, অর্চনা রানী কুন্ডুসহ অন্যরা।এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, বিভিন্ন এনজিও ও গণমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়া গ্রাম আদালত কার্যক্রমের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম জিন্নাহ, মাগুরা সদর উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ রাসেদুল কবির, আবুল মনসুর আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে জানাতে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।