ফরিদপুর ব্যুরো
আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে প্রথম ব্যাচের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ফাতেমা ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ফরিদপুর জেলা পুলিশ সবসময় অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন সময়ে পুলিশের দায়িত্বশীল উপস্থিতি জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা সৃষ্টি করে।
তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ সদস্যদের দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ব্যাচের দুই দিনব্যাপী প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
