ePaper

বিদ্যুৎবিভ্রাটে সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় চারদিন বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিদ্যুৎ জটিলতায় চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সই করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের জটিলতার কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ২২ এপ্রিল দুপুর ১টা থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথানিয়মে পুনরায় চলবে। তবে আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভর্তি কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় গ্রিড ও নিজস্ব পাওয়ারপ্লান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়। তবে বিদ্যুৎবিভ্রাট (লোডশেডিং) চরম আকার ধারণ করায় সব কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তাই বৃহৎ এ চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে হাসপাতালের সব কার্যক্রম চালু রয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *