ePaper

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জেলেকে জীবিত উদ্ধার

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ এমবি মায়ের দোয়া-৬ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অপর একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৫ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মাঝি মূসা জানান, সকালে আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন তারা। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটির তলা বা কাঠামো ফেটে যায়। এতে দ্রুত ট্রলারের ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। তিনি জানান, ট্রলারটি ডুবে যাওয়ার আগে কিছুক্ষণ সাগরে ভেসে থাকার সময় কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়। পরে ওই ট্রলারের জেলেরা এগিয়ে এসে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেন। ট্রলার মালিক মিজানুর রহমান বলেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি জানতে পেরেছেন। এখন ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।