ঢাকা, ২৭ সেপ্টেম্বর : রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগের পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের সদর শাখা ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গভীর রাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে তারা কেন্দ্রটির বিভিন্ন মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এ ছাড়া হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন ভেঙে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে পুলিশ প্রশাসন তদন্ত কার্যক্রম জোরদার করে। এরই ধারাবাহিকতায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মিরপুর এলাকার নিম্নআয় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মাতৃ ও শিশুসেবা, টিকাদান কর্মসূচি, প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
