সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশে গত ৮ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে পরদিন ভোর পর্যন্ত ফেনী মডেল থানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফেনী রেলস্টেশন সংলগ্ন ব্রাহ্মণ পুকুরপাড় এলাকার একটি সরকারি কলেজের পেছনের রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়— কানা শুক্কুর প্রকাশ (২৬), আব্দুল মমিন (৪৬) এবং কাউছার হোসেন আশিক (২৩)। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু হয়েছে।
এছাড়া গাজীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া একটি কাভার্ড ভ্যান থেকে ১২ প্যাকেজ অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় ফেনী মডেল থানার চৌকস দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামী জাহাঙ্গীর আলমকে (৪১) গ্রেফতার করে এবং দ্রুত সময়ের মধ্যে চোরাইকৃত মালামাল উদ্ধার করে। পুরো অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ সর্বমোট ২২ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
