ePaper

ফুলগাজীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ

ফুলগাজী, ফেনী  প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বশিকপুর গোল্ডেন ক্লাব ও সুপার ইলেভেন অব বকশি বাজারের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে বকশি শাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাপ চৌধুরী। খেলা শেষে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা খেলাকে প্রাণবন্ত করে তোলে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাপ চৌধুরী বলেন, “এ ধরনের খেলার আয়োজন আমি প্রতিবছর করে থাকি। এলাকার যুব সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলায় হার-জিত থাকবেই, তবে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধই সবচেয়ে বড় বিষয়। উভয় দলের জন্যই আমার শুভকামনা রইল।”

স্থানীয়রা জানান, এমন আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *