দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে অভিযান চালিয়ে ডলার প্রতারকচক্রের অন্যতম সদস্য রশিদুল খান (৫২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার শাখার সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল।সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদুল খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দিনাজপুর ও নীলফামারী জেলায় ডলার প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট খানসামা উপজেলার টংগুয়া গ্রামে ডলার প্রতারণার সময় দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় রশিদুলকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রতারকচক্রটি প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরে কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট স্থানে ডেকে নেয়। সেখানে চক্রের সদস্যরা নিজেদের ডিবি বা সিভিল পুলিশের সদস্য পরিচয় দিয়ে অবৈধ ডলার কেনাবেচার অভিযোগে গ্রেফতারের ভয় দেখায়। একপর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। এমনকি জেলে পাঠানোর ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থও আদায় করা হয়।
এই প্রতারকচক্রের সঙ্গে দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার লোক জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার এবং অপরিচিত ব্যক্তির কাছ থেকে কম দামে ডলার কেনাবেচার প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানায়।
