ePaper

দক্ষিণ আফ্রিকায় দুই দিনে ২ বাংলাদেশি ব্যবসায়ী খুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় দুই দিনে ২ বাংলাদেশী খুন হয়েছেন। এর মধ্যে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় (ওই দেশের স্থানীয় সময়) জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার ছেলের জনক ছিলেন। নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস বলেন, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তিনি অভিযোগ করে বলেন, কিছু দিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে ফের মনোমালিন্য দেখা দেয়। দোকানটি বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। ঘটনার দিন বিকেলে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।  এদিকে এর আগে দক্ষিণ আফ্রিকার প্রামব্রিজে আরো এক বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করা হয়। গত ২০ এপ্রিল  রাতে প্রামব্রিজ এলাকায়  কন্টিনার কেটে দোকানের ভিতরে প্রবেশ করে সন্ত্রাসীরা জামাল হোসেনকে হত্যা করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে  নিয়ে যায়। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ৪নং বারগাও ইউনিয়নের দক্ষিণ কাশিপুর ভুইয়া বাড়ীর বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *