ePaper

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য বৈঠকের সময় বা স্থান এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র উন্মুক্ত। তবে এ ধরনের বৈঠক থেকে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকলেই আলোচনার আয়োজনকে গুরুত্ব দেওয়া হবে।

রুবিও বলেন, সম্ভাব্য আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। তাঁর ভাষায়, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শীর্ষ কর্মকর্তারা নিউইয়র্কে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।