রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন জুতা সেলাই করেন। দিন এনে দিন খেয়ে কোনো রকমে সংসার চালান। নিজের অভাব-অনটন থাকলেও প্রাণীদের প্রতি তাঁর ভালোবাসায় কোনো কমতি নেই। প্রতিদিন সকালে নিজের সামর্থ্য অনুযায়ী হাজারো শালিককে খাবার দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতী গ্রামের প্রতিবন্ধী ও অসহায় জুতা সেলাইকারী স্বপন কুমার রবিদাস।
স্বপন কুমার রবিদাস পেশায় একজন মুচি। জুতা সেলাই করে যে সামান্য আয় হয়, তা দিয়েই চলে তাঁর সংসার। অভাবের সংসার হলেও প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে তিনি শালিকদের জন্য খাবার নিয়ে নির্দিষ্ট স্থানে হাজির হন। তাঁর খাবারের অপেক্ষায় সেখানে জড়ো হয় অসংখ্য শালিক। নিয়ম করে পাখিদের খাবার খাওয়ানো তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, স্বপন কুমারের নিজের জীবনই যেখানে নানা সীমাবদ্ধতায় ভরা, সেখানে নিজের কষ্টের কথা না ভেবে নির্বাক প্রাণীদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা প্রশংসনীয়। তাঁর এই ব্যতিক্রমী ভালোবাসা ও মানবিক কর্মকাণ্ড দেখে এলাকার মানুষও মুগ্ধ।
স্বপন কুমারের এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ায় তাঁকে দেখতে এবং তাঁর কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে অনেকেই ভুইয়াগাতী এলাকায় আসছেন। স্থানীয়রা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা যদি তাঁর মতো প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
অভাব-অনটনের মধ্যেও প্রতিদিন হাজারো শালিকের মুখে খাবার তুলে দিয়ে স্বপন কুমার রবিদাস যেন মানবিকতার এক নীরব দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
