ePaper

জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার কারণে জাতিসংঘের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা পুরোপুরি হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চাপিয়ে দেওয়া যুদ্ধের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তারা নিউইয়র্কে এসেছেন। জাতিসংঘের এই বৈশ্বিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ইরানি জনগণের আইনগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ উল্লেখ করে আরাগচি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থা কমে যাওয়ার বিষয়টি এর মধ্যেই প্রতিফলিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, কিছু দেশ নিজেদের আন্তর্জাতিক আইন ও মানবিক বিবেকের ঊর্ধ্বে মনে করে ইচ্ছামতো বিভিন্ন অপরাধ চালিয়ে যাচ্ছে। তার দাবি, এসব ক্ষেত্রে ইসরায়েলকে ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া পশ্চিমা দেশগুলো এসব ঘটনার বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।