ePaper

জলঢাকায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা

নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণ ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত এবং বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করেন সচেতন জলঢাকা বাসী। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নিয়ে নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগের প্রতিবাদ জানান। সচেতন জলঢাকাবাসী’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মিঠু। এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, নুর ইসলাম, বাবুল হোসেন, মোশফেকুর রহমান, খলিলুর রহমান, আব্দুল লতিফ লাল, হাবিবুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রশাসনের দায়িত্ব। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। কোনো বিশেষ মহলকে সুবিধা দিতে যদি মেধাবী ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়ে থাকে, তাহলে তা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তারা আরও বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ সরাসরি জড়িত। ফলে এ নিয়োগে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্বের অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। তাই পুরো নিয়োগ প্রক্রিয়া পুনরায় যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা উদঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বর্তমান নিয়োগ বাতিল করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে হাবিবুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে জলঢাকা উপজেলা প্রশাসনের দলীয়করণের প্রতিবাদেই আমাদের এই মানববন্ধন। আমরা নিয়োগ বাতিলের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত নিয়োগ বাতিল করা না হলে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওসহ জলঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের অধিকার থেকে বঞ্চিত করে কোনো নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। প্রশাসনকে দ্রুত বিষয়টি সমাধান করতে হবে। মানববন্ধন শেষে সভাপতির নির্দেশনায় অংশ গ্রহণ

কারীরা জিরো পয়েন্ট মোড় থেকে একটি প্রতিবাদ র‌্যালি বের করেন। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ গ্রহণ কারীরা নিয়োগের অনিয়মের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বর ও ট্রাফিক মোড় হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।