ePaper

ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ, প্রতিকার দাবিতে মানববন্ধন

জহিরুল হক খাঁন

ছোট ফেনী নদীর অব্যাহত ও তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তীরবর্তী এলাকার মানুষ। নদীভাঙনে ইতোমধ্যে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, বসতবাড়ি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং দ্রুত নদীশাসনের দাবিতে রবিবার সকালে ছোট ফেনী নদীর সেতু সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া মানববন্ধনে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। কয়েকশ মিটার এলাকাজুড়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন। ব্যানারগুলোতে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি সহ নানা স্লোগান লেখা ছিল। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সাবেক জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা বলেন, নদীভাঙনের কারণে এলাকার শত শত বিঘা আবাদি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও অনেক জমি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ অন্তত ৪০০ মিটার এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন রোধ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীর বাঁকা অংশ সোজা করার দাবি জানান। তা না হলে পুরো চরদরবেশ ইউনিয়ন মানচিত্র থেকে বিলীন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। স্থানীয় বাসিন্দা সাহেদা খাতুন বলেন, আমার স্বামী নেই। একটি মেয়ে নিয়ে এই ভিটাতেই কোনোমতে দিন কাটাচ্ছি। যদি এই বাড়িটাও নদীতে চলে যায়, তাহলে কোথায় যাব, কোথায় থাকব? মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও নদী গ্রাস করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, যুবদল নেতা রায়হান সাব্বির, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *