ePaper

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের পর হত্যা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য চার নারী পুলিশ হেফাজতে

ফয়সাল আলম সাগর, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধা কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের ছাবের সওদাগরের দোকানের সামনে থেকে তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তুলে নিয়ে যায় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে তার মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিসানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কবির টাওয়ারে থাকা চার নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’এদিকে জিসান হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি।তিনি বলেন, ‘জিসানকে যে ভবনে নেওয়া হয়েছিল, সেই ভবনের সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া সন্দেহজনক। তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চকরিয়া পৌর শহরের এস আলম কাউন্টার চত্বরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে উপজেলা ছাত্রদল।ছাত্রদল নেতারা জানিয়েছেন, বিক্ষোভ মিছিল থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হবে। দাবি বাস্তবায়ন না হলে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।