হাবিবুর রহমান, গাইবান্ধা
গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিপিসি-৩, র্যাব-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও শিক্ষাবিদ মাজহারুল মান্নান। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। তাই মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিপথগামী তরুণদের কাউন্সেলিং ও সামাজিক সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা ও অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করা হয়।
