ePaper

গজালিয়াবাসী দীর্ঘ সময় স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত, স্বাস্থ্য উপকেন্দ্রটি অযত্ন ও অবহেলায় পতিত

আল আমিন, লামা( বান্দরবান)  প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত ১ নং গজালিয়া ইউনিয়ন একটি দুর্গম পাহাড়ি প্রশাসনিক এলাকা। এটি মূলত বাঙালি, ম্রো,ত্রিপুরা ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকা। বর্তমানে গজালিয়া ইউনিয়নে প্রায় বিশ হাজার মানুষের বসবাস। ইউনিয়ন সদরে বাজারের পাশে সরকারি খাস জমিতে একসময় গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রটি থাকলেও গত ২৫ বছরের অধিক সময় ধরে অযত্ন ও অবহেলায় এবং এখন তা গোয়ালঘরে পতিত। অধিক জনগোষ্ঠী থাকা সত্ত্বেও, অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে,এ ইউনিয়নে নেই কোন কার্যকর চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য উপকেন্দ্র। স্থানীয়দের মতে, “একসময় গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য  উপকেন্দ্রটি থাকলেও,এখন তা পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যেখানে এখন গবাদি পশুর বসবাস, মানুষের নয়। অসুস্থ হলে স্থানীয় মানুষকে অনেক দূর এলাকায় যেতে হয় চিকিৎসার জন্য, ফলে সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকেই কষ্ট ভোগ করছে।” অথচ চিকিৎসা সেবা জনগণের মৌলিক অধিকার। এ বিষয়ে গজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উসাচিং মার্মা বলেন,গজালিয়া ইউনিয়নের স্বাস্থ্য উপকেন্দ্রটি দীর্ঘ দিন অবহেলিত থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।তারা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন,এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, গজালিয়া স্বাস্থ্য উপকেন্দ্রটি পুনরায় চালু করার বিষয়ে, অত্র ইউনিয়নের জনগণের গুরুত্বপূর্ণ দাবি থাকায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে অবহিত করেছি।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, গজালিয়া স্বাস্থ্য উপকেন্দ্রটি পুনরায় চালু করা গজালিয়া বাসীর প্রানের দাবী, এ বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুবই গুরুত্ব সহকারে জানিয়েছি।গজালিয়া বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ বিষয়ে আমি খুবই আন্তরিক।

এলাকাবাসীর দাবি দ্রুত এই স্বাস্থ্য উপকেন্দ্রটি চালু  করে, এর উন্নয়ন তরান্বিত করে, চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *