ePaper

হজ যাত্রীদের মানসম্মত খাবার পরিবেশন ও আন্তরিক সেবা প্রদানের লক্ষ্যে হজ অফিস ও বাংলাদেশ পর্যটন করপোরেশন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিযুষ কুমার বিশ্বাস

আসন্ন হজ মৌসুম ২০২৬ উপলক্ষ্যে ঢাকার আশকোনায় অবস্থিত ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ অফিসে আগত সম্মানিত হজ যাত্রীদের জন্য মানসম্মত খাবার ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে হজ অফিস ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এবছর পবিত্র হজ মৌসুমে হজ অফিসের অভ্যন্তরে অবস্থিত ২ (দুই) টি ক্যাফেটেরিয়াতে আগত হজ যাত্রীদের জন্য মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ ক্যাফেটেরিয়া দু’টি পরিচালনার দায়িত্ব পালন করবে। ক্যাফেটেরিয়া দু’টির পরিচালনার দায়িত্ব বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিকট ন্যস্ত হওয়ায় হজ অফিসে অবস্থানরত হজ যাত্রীদের নিকট স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন নিশ্চিত হবে। ক্যাফেটেরিয়াটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে পরবর্তী ৩৬ দিন (২৪ ঘন্টা) বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে ক্যাফেটরিয়া দু’টি পরিচালনার কাজ চলমান থাকবে। সমঝোতা স্মারকে হজ অফিসের পক্ষে সম্মানিত পরিচালক জনাব মো: লোকমান হোসেন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) জনাব আ ন ম মোস্তাদুদ দস্তগীর স্বাক্ষর করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’-এ আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মানিত চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা এবং সংস্থার পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন সাশ্রয়ী মূল্যে সম্মানিত হজ যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও উন্নত সেবা নিশ্চিতে সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি তাঁর সংস্থাকে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ প্রদানের জন্য ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। হজ অফিসের পরিচালক বলেন ক্যাফেটেরিয়া দু’টি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে হজ অফিসের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে। তিনি এই মহৎ উদ্যোগে সাড়া প্রদানের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *