আব্দুল কাদির শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার-বদর গার্মেন্টসে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শনিবার (২৭ জুন) সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সহকর্মী শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন। শনিবার সকালে আন্দোলন চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শ্রমিকদের অভিযোগ, পুলিশের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে আরও চারজন শ্রমিক আহত হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থানে অবস্থান নেয়। পরবর্তীতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। তবে এ ঘটনার বিষয়ে পুলিশ বা কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে যুক্ত করা হবে।
