ফয়সাল আলম সাগর,
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৫৮ মিনিটে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায়, লোহাগাড়া রেঞ্জার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা ‘টিয়ার এক্স’ নামের একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান গণমাধ্যমকে জানান, নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অন্তত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল এবং হতাহতরা সবাই ওই গাড়ির যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এ অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের ভাঙন, বেহাল অবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
